লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভাড়া বাসা থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকায় ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাবর ম্যানসনের (চতুর্থ তলা) একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের মায়ের দাবি, প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে তার মেয়ে আত্মহত্যা করে থাকতে পারে। নিহত জান্নাতুল ফেরদৌস ঢাকা বিমান বন্দর এলাকার আশেক আলম বাবরের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, রাত সাড়ে ৯টার দিকে নিহতের মা ফোন করে
বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং লোহাগাড়া থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করে।
নিহতের মা মাহমুদা আক্তার বিউটি জানান, জান্নাতুল তার প্রথম স্বামীর মেয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি দ্বিতীয় বিয়ে করে প্রায় সাড়ে তিন বছর ধরে লোহাগাড়ায় বসবাস করছেন। মেয়ে তার সঙ্গেই থাকত। বর্তমানে জান্নাতুলের পড়াশোনা বন্ধ ছিল।
মাহমুদা আক্তারের দাবি, টিকটক ব্যবহারের সূত্র ধরে ঢাকার ওয়ারী এলাকার সাইমন নামের এক প্রবাসী
যুবকের সঙ্গে জান্নাতুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি প্রায়ই রাত জেগে ওই যুবকের সঙ্গে কথা বলত। কিছুদিন ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল বলেও জানান তিনি। নিহতের মা আরও দাবি করেন, মেয়ের মৃত্যুর পর তার ব্যবহৃত মোবাইল ফোনে সর্বশেষ ওই যুবকের সঙ্গে কথোপকথনের
তথ্য দেখতে পান। এ সম্পর্কের টানাপোড়েনের কারণে তার মেয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন মাহমুদা আক্তার বিউটি।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভোরের আকাশ/ইউএম