কোটচাঁদপুরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি ও পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার ভাতিজা ও চাচাতো ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা ও চাচাতো ভাই ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এক পর্যায়ে চাচাতো ভাই সাকিল তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কোটচাঁদপুর থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তবিবার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, ঘটনার পর অভিযুক্ত চাচাতো ভাই ও ভাতিজা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/ইউএম