সিংগাইরে ৮৪ পূজামণ্ডপে অনিরুদ্ধ রায়ের ১৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮৪টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়।
তার মা শ্রীমতি গীতা রায়ের নামে আয়োজিত ‘গীতা রায় দুর্গোৎসব সহায়তা’ কর্মসূচির আওতায় প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিংগাইর পৌর শহরের আঙ্গারিয়া মহল্লায় অবস্থিত গীতা রায় ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী সজিব কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন কবির ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায় উপজেলার ৮৪টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক নুর আলম বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রাজকুমার রায়, সদস্য বিশ্বজিৎ কুমার সাহা রাজিবসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র