তুরাগ নদের ওপর সেতু নির্মাণ দাবিতে মহাসড়ক অবরোধ ব্যবসায়ীদের

গাজীপুরের টঙ্গী ও ঢাকার আবদুল্লাহপুরে যাতায়াতের জন্য তুরাগ নদের ওপর বেইলি সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে পৌনে এক ঘণ্টা এই কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দা ও টঙ্গী বাজার এলাকার ব্যবসায়ীরা।
এ সময় আন্দোলনকারীরা টঙ্গী উড়ালসড়কের ওপর অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। প্রায় ৪০ মিনিট তাঁরা অবস্থান করেন। পরে বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট,বিএনপি নেতা জসিম উদ্দিন দেওয়ান, বি এম শামীম, মুফতি মাসুদুল করিম, টঙ্গী বাজারের ব্যবসায়ী সমিতির নেতা আব্দুস সাত্তার, নাসির উদ্দিন, বশির বেপারীসহ বাজারের কয়েকশ ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাচীনকাল থেকে টঙ্গী বাজার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। বেইলি ব্রিজ না থাকার কারণে ব্যবসসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার হারাচ্ছে রাজস্ব। জনসাধারণের চলাচলও বিঘ্ন ঘটছে। তাই সরকারের কাছে টঙ্গী বাজার ও এলাকাবাসীর জোর দাবি- তুরাগ নদের উপর যেন দ্রুত বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, প্রায় ৪০ মিনিট মহাসড়ক অবরোধ ছিল। বেলা ১১টা থেকে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.