কুষ্টিয়ায় র্যাবের অভিযানে নকল ব্যান্ডরোল কারখানা সিলগালা, গ্রেফতার ২

র্যাবের -১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে সিগারেটের নকল শুল্ক পরিশোধের স্ট্যাম্প (ব্যান্ডরোল), ভারতীয় প্রসাধনী পণ্যের নকল স্টিকার, এসব তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ উপকরণসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছেন। অভিযানের পর প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাসী, জঙ্গি, মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার কোর্টপাড়া কলার আড়ৎ সংলগ্ন গলিতে একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইনের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল কারখানাটিতে তল্লাশি চালিয়ে ১৫, ৫০০ পিস নকল ব্যান্ডরোল, ৭১৫ পাতা বিদেশি প্রসাধনী স্টিকার, ৪৫০ গ্রাম ফয়েল পেপার, মোড়ক তৈরির ৪টি ফর্মাসহ বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করে।
এ সময় কারখানায় কাজ করা মোঃ নিরব ইসলাম (১৯) এবং আব্দুল আওয়াল (৪৫)–কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পলাতক রয়েছে— মাহামুদ হাসান (৪৫), শরিফুল ইসলাম (৪২), মো. মিলন উদ্দিন শেখ (৫০) এছাড়া আরও ২/৩ জন অজ্ঞাত ব্যক্তি অভিযুক্ত বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদের জব্দকৃত আলামতসহ কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কারখানাটি সিলগালা করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করে।
ভোরের আকাশ/জাআ