বাউফলে চুরি হওয়া দুই মহিষ উদ্ধার, আটক ২

পটুয়াখালীর বাউফলে চুরির প্রায় পাঁচ মাস পর উদ্ধার হয়েছে গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি মহিষ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যান।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান খালপাড় এলাকায় অভিযান চালিয়ে মহিষ দুটি উদ্ধার ও অভিযুক্ত দুজনকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত।
আটক ব্যক্তিরা হলেন চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর মিয়াজান এলাকার মো. শাহিন পন্ডিত (৩৯) ও মো. বাবুল সরদার (৪০)। শাহিন পন্ডিত মৃত বারেক পন্ডিতের ছেলে এবং বাবুল সরদার মো. সুলতান সরদারের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাসিন্দা ফোরকান মোল্লা (৬৫) তার দুটি মহিষ বর্গা পালনের জন্য শাজাহান চৌকিদারের (৬৫) কাছে দেন। গত ১৪ মে রাতে সূর্যমণি ইউনিয়নে শাজাহান চৌকিদারের গোয়ালঘর থেকে মহিষ দুটি চুরি হয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীরা বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ চুরির ঘটনাটি তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চর মিয়াজান এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মহিষ দুটি উদ্ধার করা হয়। একই সঙ্গে শাহিন ও বাবুলকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা এলাকায় ‘দাদা গ্রুপ’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। চক্রটির বিরুদ্ধে নদী ও সাগর এলাকায় চুরি-ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। আটক দুজনকে শনিবার (৩১ অক্টোবর) পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/আ.র