ময়মনসিংহে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসের মানববন্ধন অনুষ্ঠিত

জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে র্যালী মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার ময়মনসিংহ নেটওয়ার্ক।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, সামাজিক, পেশাজীবী সংগঠন, গণমাধ্যমের প্রতিনিধি এবং নির্যাতনের শিকার ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মসূচি সঞ্চালনা করেন অধিকারের ময়মনসিংহের সমন্বয়কারী ও সাংবাদিক আব্দুল কাইয়ুম।
মানববন্ধনে নির্যাতন প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয় ।
বক্তারা বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সরকারের আমলে নির্যাতনের ঘটনা ঘটলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যা এবং রিমান্ডে নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ছাত্র-জনতার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয় বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, নির্যাতনবিরোধী কনভেনশন অনুমোদনের ২৮ বছর পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১৭ জুলাই কনভেনশন এগেইনস্ট টর্চারের ঐচ্ছিক প্রোটোকল অনুমোদন করে। জাতিসংঘের এসব আন্তর্জাতিক সনদ অনুমোদন বাংলাদেশের জন্য ইতিবাচক পদক্ষেপ হলেও বাস্তবে নির্যাতন প্রতিরোধে এর কার্যকর প্রতিফলন দেখা যায়নি।
বক্তারা বলেন, দায়মুক্তির সংস্কৃতি, বিচারব্যবস্থায় প্রভাব এবং তদন্ত ও আইনি প্রক্রিয়ার দুর্বলতার কারণে নির্যাতনের পরিবেশ শক্তিশালী হয় এবং থানা, ডিটেনশন সেন্টার, কারাগার ও গোপন বন্দিশালায় মানুষ নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় । পুনরায় নির্যাতনের আশঙ্কায় অধিকাংশ ভুক্তভোগী নীরব থাকতে বাধ্য হন। তারা এ পরিস্থিতিকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে মানবাধিকার রক্ষাকর্মীদের ওপর সব ধরনের বাধা ও হয়রানি বন্ধের দাবি জানান।
একই সঙ্গে তারা বলেন, নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান অন্তরায়।
মানববন্ধন থেকে মানবাধিকার সংগঠন অধিকার দেশের সকল মানুষকে নির্যাতনবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার এবং মানবাধিকার সুরক্ষায় পাশে থাকার আহ্বান জানায়।
ভোরের আকাশ/এসএইচ