সিলগালা সায়মা ডায়াগনস্টিকে ফের সেবা চালুর অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইরে সিলগালা করা সায়মা ডায়াগনস্টিক সেন্টারে ফের চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানোর অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে শুধু প্রয়োজনীয় কাগজপত্র নবায়নসহ সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানটি খোলা রাখার অনুমতি দেওয়া হলেও সেখানে রোগী দেখা ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
জানা গেছে, গত ১৩ আগস্ট মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসের নেতৃত্বে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত সায়মা ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সায়মা ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।
পরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কার্যক্রম পরিচালনার অনুমতি চাওয়া হলে চিকিৎসাসেবা চালানোর অনুমতি দেওয়া হয়নি। তবে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানটি খোলা রাখার অনুমতি দেওয়া হয়। সিভিল সার্জনের বক্তব্য অনুযায়ী, এ অনুমতির আওতায় কোনো রোগী দেখা, পরীক্ষা-নিরীক্ষা বা চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ নেই।
স্থানীয়দের অভিযোগ, নির্দেশনা সত্ত্বেও সায়মা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য সেবা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে সায়মা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. ননী খান বলেন,প্রতিষ্ঠান পরিচালনার অনুমতি আমাদের দেওয়া হয়েছে।
তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিবেদককে দেখানো কাগজপত্রে প্রতিষ্ঠানটি শুধু খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে এবং সেবা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে বলে দেখা যায়।
ভোরের আকাশ/সু.পা