খুলনার বটিয়াঘাটায় গ্যাস সংকট নিরসনে সরকারী উদ্যোগে প্রচার-প্রচারণা

দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে খুলনার বটিয়াঘাটায় প্রচার-প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এ কর্মসূচিতে বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও কারীমুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক নিরু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ব্রজেন ঢালী এবং উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি অংশগ্রহণ করেন।
এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুধাংশু শেখর মণ্ডল, মিন্টু, শামসুল হক, মোঃ ইমরান মৌলঙ্গী, নাসির উদ্দিন, ইউনুস হাওলাদার, শফিকুল ইসলাম, মামুন, আমিনুল ও উজ্জ্বলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রচারপত্রে উল্লেখ করা হয়, বর্তমান গ্যাস সংকট মোকাবিলায় সরকার তাৎক্ষণিকভাবে এলএনজি সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি ও অবকাঠামো সম্প্রসারণে স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছে।
এতে আরও বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে দেশীয় উৎপাদন ও বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির মাধ্যমে দৈনিক প্রায় ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মাতারবাড়ীতে দুটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ, কুতুবদিয়ায় নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং গ্যাস পরিবহনের পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
প্রচারপত্রে ২০২৬-৩০ সময়কালে নতুন কূপ খনন, বাপেক্সের অনুসন্ধান সক্ষমতা বাড়াতে নতুন রিগ ক্রয় এবং দেশীয় গ্যাস উৎপাদন ও এলএনজি সরবরাহ সক্ষমতা সম্প্রসারণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের গ্যাসের চাহিদা পূরণের সক্ষমতা অর্জনের লক্ষ্যের কথাও উল্লেখ করা হয়েছে।
কর্মসূচির মাধ্যমে সরকারের এসব উদ্যোগ ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
ভোরের আকাশ/ এনউব