নওগাঁয় টাকা ফেরতের দাবিতে সমতা এনজিওর কার্যালয়ে গ্রাহকদের বিক্ষোভ

নওগাঁয় আমানতের টাকা ফেরতের দাবিতে শনিবার (১১ জুলাই) বেলা ১০টার সময় সমতা এনজিওর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা ।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা প্রতিষ্ঠানটিতে সঞ্চয়, ডিপিএস ও বিভিন্ন মেয়াদি আমানতের মাধ্যমে অর্থ জমা রেখেছেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত চাইতে গেলে কর্তৃপক্ষ বারবার টালবাহানা করছে । এতে ক্ষুব্ধ হয়ে গ্রাহকেরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে দ্রুত তাদের কষ্টার্জিত অর্থ ফেরতের দাবি জানান।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, জীবনের সঞ্চিত অর্থ প্রতিষ্ঠানটিতে জমা রেখে তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন । অনেকেই চিকিৎসা, সন্তানদের লেখাপড়া ও পারিবারিক প্রয়োজন মেটাতে সেই টাকার ওপর নির্ভরশীল ছিলেন। তাই অবিলম্বে তাদের পাওনা অর্থ পরিশোধ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ বিষয়ে সমতা এনজিওর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তাদের আমানতের অর্থ দ্রুত ফেরত নিশ্চিত করা যায়।
ভোরের আকাশ/ইউএম