বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত

‘যুক্ত হই শুভ কাজে’-এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সম্মেলন ও সামাজিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠান।
শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় জেলার প্রায় ৪০টি সামাজিক সংগঠনকে বিশেষ স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হয়।
সম্মেলনের শুরুতে সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়।
নদীবেষ্টিত ও সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, মাদক ও চোরাচালানের মতো সামাজিক অপরাধের প্রবণতা বেশি। এসব অপরাধ দমনে এবং মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে শুভসংঘ কার্যকর ভূমিকা রাখবে-এমন নানা স্লোগানে র্যালি চলাকালে মুখরিত হয়ে ওঠে পুরো লালমনিরহাট শহর।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. মমিনুল হক, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘ লালমনিরহাট জেলা কমিটির সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক নাঈম ইসলাম এবং সারপুকুর যুব ফোরামের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সুনিল কুমার সূত্রধর।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময়ই ইতিবাচক, মানবিক ও কল্যাণমূলক কাজের পাশে থাকে। লালমনিরহাটের তরুণ সমাজকে সুসংগঠিত করে ভবিষ্যতে শিক্ষা, সেবামূলক কাজ ও দুস্থদের সহায়তায় শুভসংঘ আরও কার্যকর ও অগ্রণী ভূমিকা পালন করবে।
ভোরের আকাশ/আ.র