ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে আমিরাবাদে মুসলিম উদ্দিনের উপহার বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছেন উপজেলা যুবদল নেতা মুসলিম উদ্দিন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা করছেন।
বুধবার (১৪ অক্টোবর) দিনব্যাপী আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন হিন্দুপাড়ায় এসব উপহারসামগ্রী বিতরণ করেন তিনি। উৎসবের আগে উপহার পেয়ে সুবিধাভোগীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
স্থানীয়ভাবে তরুণ নেতা হিসেবে পরিচিত মুসলিম উদ্দিন ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে এলাকায় আলোচনায় এসেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে নিজের সামর্থ্য অনুযায়ী উপহারসামগ্রী বিতরণ করে থাকেন তিনি।
স্থানীয়দের মতে, ধর্মীয় পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছেও মুসলিম উদ্দিন একজন পছন্দের ও আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত। স্থানীয় পর্যায়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা তাঁকে সম্ভাবনাময় তরুণ নেতা হিসেবে পরিচিতি দিচ্ছে।
উপহারসামগ্রী বিতরণ প্রসঙ্গে মুসলিম উদ্দিন বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে ভোট দেবেন কি দেবেন না, সে বিষয়ে আপনাদের প্রতি আমার কোনো দাবি নেই। আমি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আপনাদের হাতে এই উপহারসামগ্রী তুলে দিয়েছি। আপনাদের মুখে হাসি ফোটাতে পেরে এবং উৎসবের আনন্দে শামিল হতে পেরে আমার নিজের মনও আনন্দে ভরে গেছে। মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক সম্প্রীতির বন্ধন অটুট রাখতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস।”
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।