বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আর নেই

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক, জেলা বিএনপির সিনিয়র নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভারতের চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি থাইল্যান্ডেও চিকিৎসাধীন ছিলেন। আগামী এক-দুই দিনের মধ্যে তার মরদেহ দেশে আনা হবে বলে পরিবার জানিয়েছে।
ওয়াহিদুজ্জামান ওয়াহিদ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের মিয়ারহাট বাজার এলাকার বিখ্যাত বেপারি বাড়ীর মৃত মো. হাবিবুর রহমানের সন্তান।
রাজনীতিতে তার হাতেখড়ি ছাত্রজীবনেই। তিনি ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সভাপতি এবং ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত স্বরূপকাঠি উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত উপজেলা যুবদলের সভাপতির দায়িত্বে ছিলেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় উপজেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক ছিলেন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি উপজেলার উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে স্থানীয়রা জানান।
তার মৃত্যুতে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এক শোকবার্তায় বলেন, ওয়াহিদুজ্জামানের মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ওয়াহিদুজ্জামান ছিলেন জাতীয়তাবাদী শক্তির একজন নিবেদিতপ্রাণ নেতা। তার অবদান দল চিরকাল স্মরণ করবে।
তার মৃত্যুর খবরে নেছারাবাদসহ পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত নেতাকর্মী ও স্থানীয়রা তার বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ভোরের আকাশ/জেআ