ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির বিশেষ দোয়া
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন অনেক দলীয় নেতাকর্মী।
শনিবার (২৯ নভেম্বর) বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এ দোয়া মাহফিল। খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেন সবাই।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, মো. আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, মো. নিজাম উদ্দিন, শরিফ আবেদীন জায়েদী।
এছাড়া পৌর বিএনপির আহ্বায়ক মো. সায়েদুল হক, সদস্য সচিব মো. নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, মো. হায়দার আলীসহ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দোয়া শেষে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভরসার প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত জরুরি। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি গভীর উদ্বেগ ও বেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন তাঁকে রোগমুক্ত করে সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রদূত। আজ তিনি কঠিন লড়াইয়ের মুখোমুখি। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত।”
তিনি দেশ-বিদেশের বিএনপি, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যে যেখানে আছেন, নেত্রীর জন্য দোয়া করুন।”
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, দলের প্রধান নেত্রী অসুস্থ থাকায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলার প্রায় প্রতিটি মসজিদেই তাঁর সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখা হচ্ছে।
দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বড়হিত ইউনিয়নের নওশতী বাজার কওমী মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান আকন্দ।
ভোরের আকাশ/এসএইচ