জীবননগরে সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের সেচকাজে ব্যবহৃত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল ও বিভিন্ন যন্ত্রাংশ, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেট কার এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর দক্ষিণ মাঠে কৃষক আবু জাফর বিশ্বাসের সেচকাজে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমার থেকে প্রায় ৩০ কেজি তামার কয়েল ও ট্রান্সফরমারের তেল চুরি হয়। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। একই রাতে একই মাঠে অপর সেচ ব্যবসায়ী আনারুল ইসলামের একটি ট্রান্সফরমার থেকেও তামা ও তেল চুরি করা হয়।
ঘটনার পর আবু জাফর বিশ্বাস বাদী হয়ে জীবননগর থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, কপার, বিভিন্ন যন্ত্রাংশ, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) সকালে জীবননগর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মুন্সিগঞ্জ জেলার আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গা শহরের শিপলু (২৮), বগুড়ার টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার স্বপন উদ্দিন (৩৭), সবুজ শেখ (৩৭) ও জাফর আহমেদ (৩৪)।
পুলিশ জানিয়েছে, চোরচক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ইউএম