রায়পুরে হামলা-পাল্টা হামলায় আহত ৫

লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ববিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতাসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ মাঝি, বিএনপি কর্মী মহাসিন কবির, দাদন মাঝি, মানিক মাঝি ও যুবদল নেতা কবির হোসেন।
আহতদের অভিযোগ, সকালে একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে স্থানীয়রা তা মীমাংসা করে দেন। পরে বিকেলে পূর্ববিরোধের জেরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান রাসেল ব্যাপারী ও আমির হোসেনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।
এ সময় রামদা ও চাপাতিসহ বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের আহত করা হয়।
মহাসিন কবির বলেন, বিকেলে বাজারে যাওয়ার পথে অটোরিকশা থেকে নামার পরপরই তার ওপর হামলা করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার বাবা দাদন মাঝি, চাচা এরশাদ মাঝি, মানিক মাঝি ও ছোট ভাই কবির হোসেনও হামলার শিকার হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে রাসেল ব্যাপারী বলেন, বিকেলে তার ওপর হামলার চেষ্টা করা হলে তাদের লোকজন পাল্টা মারধর করে। এ ঘটনায় তাদের পক্ষেরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, হাজিমারা বাজারে সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/আ.র