গাইবান্ধায় নসিমনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ভ্যানচালকের

গাইবান্ধার সাদুল্লাপুরে ধানবোঝাই একটি নসিমনের চাকায় পিষ্ট হয়ে জব্বার মিয়া (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত জব্বার মিয়া উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার খেজের উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানান, আজ বুধবার বিকেলের দিকে উপজেলার টিয়াগাছা পশ্চিমপাড়া এলাকায় ধানবোঝাই একটি নসিমন সড়ক দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক জব্বারকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে নসিমনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'
ভোরের আকাশ/রই