প্রিমিয়ার ইউনিভার্সিটিতে স্থাপত্য বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৯তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের দামপাড়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, স্থাপত্যশিল্পের পরিধি শুধু ভবন বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জীবনধারা, সামাজিক সংস্কৃতি, পরিবেশ এবং আগামী দিনের চাহিদাকে বিবেচনায় নিয়ে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রেও স্থপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ পেশায় সফল হতে সৃজনশীল চিন্তাভাবনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও পেশাগত জ্ঞানে সমান দক্ষতা অর্জন করতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের দায়িত্বশীল, দক্ষ ও মানবিক স্থপতি হিসেবে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।
স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক হোসেন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগের প্রফেসর ও অ্যাডভাইজার অধ্যাপক সোহেল এম. শাকুর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী অধ্যাপক মুহাম্মদ ইমরান বিন হোসাইন এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান কুহেলী চৌধুরী।
অধ্যাপক সোহেল এম. শাকুর তাঁর বক্তব্যে স্থাপত্যশিক্ষার বহুমাত্রিক দিক তুলে ধরে বলেন, মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নান্দনিক স্থাপনা নির্মাণে স্থপতিদের সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা, দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান হোসেন মুরাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। স্থাপত্য বিষয়ে ভালো করতে হলে নিয়মিত অধ্যয়ন, ব্যবহারিক দক্ষতা, সময়ানুবর্তিতা এবং সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা তৈরি করা জরুরি। বিশ্ববিদ্যালয় জীবনকে তিনি নিজেদের যোগ্যতা বিকাশের গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেন।
ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান কুহেলী চৌধুরী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সৃজনশীলতা ও নান্দনিক বোধের বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের আলাদা অবস্থান তৈরি করতে হবে। নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক আলী আকবর রাজন, সহকারী অধ্যাপক শেখ মাহফুজ আলম, প্রভাষক মো. মাইনুল হাসান তুহিন, কামরুন নাহার ভূঁইয়া, মুহাম্মদ তানজিল হাসান ও মো. সাইফ উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. কাউসার আলম এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইয়াকুব আলীসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা স্থাপত্য বিভাগের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাঁদের শিক্ষাজীবনের সফলতা কামনা করেন। একই সঙ্গে অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ, সৃজনশীলতার চর্চা এবং পেশাগত নৈতিকতা অনুসরণের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ এনউব