ক্ষমতায় গিয়ে অনিয়ম-দুর্নীতি করলে জনগণ জবাব দেবে: হুইপ

জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। তাই ক্ষমতায় থাকাকালে মানুষের সঙ্গে খারাপ আচরণ না করে বিরোধী মতকে সম্মান করতে হবে।
তিনি বলেন, ‘একসময় আমরা মিছিল করতে পারতাম না, বাগানে বাগানে পালিয়ে থাকতাম। আজ বুক ফুলিয়ে মিছিল করছি। এখন বাধা দেওয়ার কোনো মানুষ নেই, বাধা দেওয়ার সাহসও নেই। এজন্যই বলি, ক্ষমতাই ক্ষমতা, মজাই মজা। তবে এই মজা চিরস্থায়ী নয়।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ নিজান বলেন, ‘আমি অন্যকে সম্মান করি, বিরোধী মতকে সম্মান জানাই। আমাদের সরকারের বয়স মাত্র ছয় মাস। সাড়ে চার বছর পর আবার নির্বাচন হবে। আজ যে মানুষের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে, যাকে ধমক দেওয়া হচ্ছে বা ক্ষমতা দেখানো হচ্ছে, সাড়ে চার বছর পর আবার তার কাছেই যেতে হবে। এটাই গণতান্ত্রিক রাজনীতি।’
হাজিরহাট দক্ষিণ বাজার এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়রা বাসার, যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, সদস্য সচিব আবু সাঈদ দোলন ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজুসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
নেতাকর্মীদের উদ্দেশে আশরাফ উদ্দিন নিজান বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতির কথা বলবে, আওয়ামী লীগের ঘুষ-দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু একই ধরনের কর্মকাণ্ড নিজেরা করলে তা গ্রহণযোগ্য হবে না।
তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কারণেই জনগণ আওয়ামী লীগকে জবাব দিয়েছে। বিএনপিও যদি একই ধরনের আচরণ করে, তাহলে জনগণ তাদেরও জবাব দেবে, ছাড় দেবে না।
হুইপ নিজান আরও বলেন, ‘নেতাকর্মীদের আমাকে অনুসরণ করতে হবে, আর আমি অনুসরণ করব আমার নেতা তারেক রহমানকে। তারেক রহমান ১৫০ টাকায় ক্যান্টিনের ভাত খান, বড় চেয়ারে বসেন না। তাহলে আমি কেন বসব?’
তিনি নেতাকর্মীদের চিন্তা ও চেতনায় পরিবর্তন আনার আহ্বান জানিয়ে বলেন, শুধু মুখোশ পরিবর্তন করলে হবে না। স্বৈরাচারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসার পর সবাইকে আরও সতর্ক ও সংযত থাকতে হবে। আওয়ামী লীগের মতো একই রূপে যেন বিএনপি জনগণের সামনে আবির্ভূত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
ভোরের আকাশ/জেআ