ফতুল্লায় অস্ত্র-মাদকসহ ফাইটার মনির আটক

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ মনির হোসেন ওরফে ফাইটার মনির (৪০) নামের এক চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে নানা ধরনের ধারালো অস্ত্র ও গাঁজা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফতুল্লা থানাধীন গলাচিপা এলাকার একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করে পুলিশ। ওই বাড়িটি কুখ্যাত সন্ত্রাসী জাহিদ হোসেনের আস্তানা হিসেবে পরিচিত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে মূল অভিযুক্ত জাহিদ হোসেনকে পাওয়া না গেলেও তার ঘনিষ্ঠ সহযোগী ফাইটার মনিরকে আটক করা হয়। পরবর্তীতে মনিরের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনির ফতুল্লার মাসদাইর এলাকার বাসিন্দা এবং মো. সাইদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযানে ২টি বড় স্টিলের ছোরা, ১টি হাতলবিহীন রামদা, ৩টি বড় দা, ১টি ডেগার, ১টি সামুরাই, ৬টি বড় ছোরা, ২টি ছোট ছোরা, ১টি বড় চাপাতি, ১টি ছোট চাপাতি, ১টি করাত, ১টি বড় হাতুড়ি, ১টি লোহা কাটার যন্ত্র, ৩টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২৪ পুরিয়া গাঁজা, গাঁজা মাপার একটি ছোট মেশিন, একটি সিপিইউ এবং দুটি মনিটর। এসব সরঞ্জাম অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের প্রস্তুতিতে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।
এই অভিযানের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক জাহিদ হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।
ভোরের আকাশ/নি. ব