পিরোজপুরে বিএনপির সংরক্ষিত নারী আসনে এলিজা জামানকে মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এলিজা জামান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলিজা জামান জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামীকাল ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ২৮ অক্টোবর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।
এছাড়া ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। এলিজা জামান বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পাওয়ায় পিরোজপুর জেলাজুড়ে বইছে আনন্দ ও উল্লাসের বন্যা।
ভোরের আকাশ/সু.পা