কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান, ৩০ জলদস্যু আটক

কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যু নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত দুই মাসে বিভিন্ন অভিযানে ৩০ জন ডাকাত ও জলদস্যুকে আটক করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্ট গার্ড সদস্যদের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগে কিছু অসাধু চক্র কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সমুদ্র এলাকায় পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে তাদের প্রতিহত করতে দায়িত্বপ্রাপ্ত এলাকায় কোস্ট গার্ডের ২৪ ঘণ্টা টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা রয়েছে।
তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন নাফ নদী ও সমুদ্রসীমান্ত এলাকায় সব ধরনের জলযান ও সন্দেহজনক গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এসময় আরও জানান, গত দুই মাসে পরিচালিত একাধিক বিশেষ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র, ১৭টি দেশীয় অস্ত্র ও ৬ রাউন্ড তাজা কার্তুজসহ ৩০ জন ডাকাত ও জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতদের কবলে জিম্মি থাকা ৩২ জন জেলেকে জীবিত উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর ধারাবাহিকতায় বুধবার দিনব্যাপী কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা এবং স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী, কুতুবদিয়া ও শাহপরী কর্তৃক সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় জলদস্যু নির্মূল ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। দেশের সাগর, নদীপথ ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এসএইচ