চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল তাঁর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যাপক তৎপরতা শুরু করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে তিনি চাঁপাইনবাবগঞ্জকে একটি ‘গ্রিন-ক্লিন সিটি’ এবং ‘দুর্নীতিমুক্ত জনপদ’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সকালে শহরের প্রধান সড়কে পরিচ্ছন্নতা অভিযান এবং দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
সোমবার সকাল ৯টায় শহরের বড় ইন্দারা মোড় থেকে ‘গ্রিন-ক্লিন চাঁপাইনবাবগঞ্জ’ গড়ার লক্ষ্যে এক ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এই কর্মসূচিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঝাড়ু ও পরিষ্কারক সামগ্রী নিয়ে অভিযানে অংশ নেন।
অভিযান শেষে এমপি বুলবুল বলেন, "পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানেরও অংশ। শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আমি সকল নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি।"
এ সময় উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক নেতৃবৃন্দ। পরিচ্ছন্নতা অভিযান শেষে দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিনি হল রুমে উপজেলার সকল দপ্তর প্রধানদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন এমপি নূরুল ইসলাম বুলবুল।
উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তব্যে তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ার জন্য।
প্রতিটি সরকারি দপ্তরকে জনবান্ধব হতে হবে যেন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে আসতে পারে এবং সেবা নিতে পারে। সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত হকদার ও উপযুক্ত ব্যক্তিরাই পায়, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।"
তিনি আরও জানান, এর আগে তিনি পৌরসভায় গিয়ে নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে পৌর কর্তৃপক্ষের সাথেও ফলপ্রসূ আলোচনা করেছেন। পৌরসভা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ ভূমিকা পালন করবেন বলে প্রতিশ্রুতি দেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নবনির্বাচিত সংসদ সদস্যের এই সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ দ্রুত একটি আধুনিক, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত হবে।
ভোরের আকাশ/ র.ই