রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে অন্তত চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় সিম গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে কারখানার মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার নাইমুল হাসান (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।
তবে পুলিশের পক্ষ থেকে চারজন আহত হওয়ার তথ্য জানানো হলেও সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম একজন শ্রমিক দগ্ধ হওয়ার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।
ভোরের আকাশ/সু.পা