চাঁদপ্রবির নতুন উপাচার্য ড. আতিকুর রহমান

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. আতিকুর রহমান-কে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
নিয়োগের শর্তে বলা হয়েছে, তাদের এই পদের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর বা তাদের নিজ নিজ অবসরের তারিখ যেটি আগে ঘটে, সে পর্যন্ত কার্যকর থাকবে। দায়িত্ব পালনকালে তারা প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এ ছাড়া রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
এদিকে চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই জ্যেষ্ঠ অধ্যাপককে চাঁদপ্রবির শীর্ষ দুই পদে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই নেতৃত্বের অধীনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে একটি নতুন গতি সঞ্চার হবে।
ভোরের আকাশ/রই