কুড়িগ্রামে বৃক্ষপ্রেমী আনোয়ারের অর্ধশতাধিক কৃষ্ণচূড়া চারা রোপণ

কুড়িগ্রাম শহরকে আরও সবুজ ও দৃষ্টিনন্দন করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন। তার ব্যক্তিগত উদ্যোগে জেলা নির্বাচন অফিস সংলগ্ন সড়কের দুই পাশে অর্ধশতাধিক কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, কয়েক বছরের মধ্যেই লাল-কমলা ফুলে সেজে উঠবে পুরো সড়কটি।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিস সংলগ্ন সড়কের পাশে সারিবদ্ধভাবে এসব কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়। আয়োজকদের মতে, এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শহরের সৌন্দর্যও বাড়াবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুল আবেদিন ডলার, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রেজাউল করিম, কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহ নাজ বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, পরিবেশবান্ধব এমন উদ্যোগ বাস্তবায়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে যে কোনো সহায়তার প্রয়োজন হলে জেলা পরিষদ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পাশে থাকবে। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবেও বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেনকে সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজকরা বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়; নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে শোভাবর্ধনকারী গাছ লাগানো হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নগরের সৌন্দর্যও বহুগুণে বৃদ্ধি পাবে।
বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত অতিথিরা বলেন, ব্যক্তিগত উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের এমন কর্মসূচি অন্যদেরও অনুপ্রাণিত করবে। তারা ভবিষ্যতেও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ভোরের আকাশ/সু.পা