ব্রাহ্মণবাড়িয়ায় নারী সংসদ সদস্য হিসেবে আলোচনায় মেহেরুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আলোচনায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেত্রী মেহেরুন নিছা মেহেরিন। বিএনপি হাইকমান্ডসহ নীতিনির্ধারণী পর্যায়ে চেষ্টা তদ্বির চালিয়ে যাচ্ছেন। সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে থাকা মেহেরিন এমপি হয়ে সোচ্চার থাকতে চান নারী সমাজের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায়। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যুব সমাজকে ক্রীড়ামুখী করার প্রচেষ্টাও চালাবেন তিনি।
মেহেরুন নিছা মেহেরিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের অবঃ সরকারি কর্মকর্তা মো. মুক্তার মিয়া ও শামসুন্নাহারের সন্তান। তাঁর দাদা শহর আলী একজন বীর মুক্তিযোদ্ধা এবং পুলিশ কর্মকর্তা ছিলেন।
আশুগঞ্জ জিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেছেন এল এল বি ও এল এল এম। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি গবেষক তিনি।
তাঁর স্বামী আশুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি; বর্তমান কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ ও ২০১৪ সালে বিএনপি'র মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান। মেহেরিন ছাত্রজীবন থেকেই পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন। স্বামী বিএনপি নেতা আবু আসিফ আহমেদের সংসারে আসার পর থেকেই বিএনপির রাজনীতিতে আরো সক্রিয় হয়ে উঠেন। তিনি ২০০৮, ২০১৮, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থীর পক্ষে অর্থ ও শ্রম দিয়ে মাঠে সোচ্চার থেকেছেন।
সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ক্যান্টনমেন্ট থানা এলাকায় ধানের শীষের পক্ষে কাজ করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে তাঁর তৈরী হয় ভরসার সম্পর্ক। স্বামীর দু'টি উপজেলা নির্বাচন করতে গিয়ে তিনি ব্যাপক জনসম্পৃক্ততা তৈরী করতে সক্ষম হন। দলের দুঃসময়ে তিনি স্বামীর পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছেন দরদী মনে। জুলাই আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।
সামাজিক ও সেবামূলক কার্যক্রমেও তিনি অগ্রসর মানুষ। বিগত করোনাকালে তিনি এলাকায় ব্যাপক সাহায্য সহযোগিতা করেছেন; ছিলেন মানুষের প্রশংসায়। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন লন্ডনের হাউস অব কমন্স থেকে এ্যাওয়ার্ড। জাপান, কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশেও তিনি সম্মানিত হয়েছেন।
সামাজিক উন্নয়ন ও সেবায় তিনি আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও এনভায়রনমেন্ট এন্ড এগ্রো প্রমোশন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছন। রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সাথে চালিয়ে যাচ্ছেন ব্যবসাও। আরিয়ান বিল্ডার্স ইকুইপমেন্ট সাপ্লাইয়ার্স এন্ড ক্যারিং কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও সফলতার স্বাক্ষর রাখছেন।
মেহেরুন নিছা মেহেরিন বলেন, 'দীর্ঘদিন ধরেই আমি এলাকায় সমাজসেবামূলক কর্মকান্ড করে আসছি। অসহায়-দরিদ্র মানুষের জন্য কাজ করছি। এসব কাজের জন্য আমাকে আন্তর্জাতিকভাবে সম্মাননাও দেয়া হয়েছে। আমার স্বামী আসিফ আহমেদও বিএনপি'র রাজনীতির এক পরিচিত মুখ। তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিকভাবেই আমরা সবসময় মানুষের সুখ-দুঃখের সাথী। নারী সংসদ সদস্য নির্বাচিত হলে আরো বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাব। তাছাড়া আমি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক) আসনের বাসিন্দা। এখানে বিএনপি'র দলীয় সাংসদ নেই। মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে মনোনীত করেন উনার নির্দেশনায় নির্বাচনী এলাকার সরাইল অবহেলিত বলে যে কথা রয়েছে তা মু্ছে দিতে পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ।'
ভোরের আকাশ/এনএস