জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে সুজন মিয়া (৩০) নামের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার সংলগ্ন হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্প পাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সুজন মিয়া তার ভ্যান গাড়িতে একজন যাত্রী নিয়ে তারাটিয়া বাজারের দিকে রওনা হয়। বাজারের কাছাকাছি হালির মোড় নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
এ সময় গাড়িতে থাকা যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে চালক সুজন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/আ.র