মাগুরায় আমের মুকুলে বসন্তের রঙ, বাম্পার ফলনের আশায় চাষিরা

শীতের বিদায় আর বসন্তের আগমনে প্রকৃতিতে লেগেছে নতুন ছোঁয়া। ঋতুরাজ বসন্তের এই বার্তাবাহক হয়ে মাগুরার আমগাছগুলোতে ফুটেছে হলুদাভ মুকুল। চারদিকে এখন আমের মুকুলের সুবাস আর সৌন্দর্যে মোহিত প্রকৃতি।
জেলার বিভিন্ন আমবাগান ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি গাছেই দোল খাচ্ছে মুকুল। হালকা বসন্তের বাতাসে দুলতে থাকা এসব মুকুলে সূর্যের আলো পড়ে সৃষ্টি করছে মনোরম দৃশ্য। আর কিছুদিনের মধ্যেই এসব মুকুল থেকে বের হবে ছোট ছোট আমের গুটি।
কৃষকরা জানান, মুকুল আসার সঙ্গে সঙ্গেই সঠিক পরিচর্যা শুরু করতে হয়। প্রথম ধাপে প্রতিটি মুকুলে সতর্কতার সঙ্গে স্প্রে করতে হয়। পরে গুটি ধরার সময় আবার স্প্রে এবং গুটি শক্ত হলে আরও এক দফা স্প্রে করা প্রয়োজন। পাশাপাশি গাছের গোড়ায় মাটি খুঁড়ে সেচের ব্যবস্থা করলে আম ঝরা কমে যায় এবং ফলন ভালো হয়।
মাগুরা সদরের বালিয়াডাঙ্গা গ্রামের চাষি নাজিম উদ্দিন জানান, তার প্রায় ২০টি ছোট-বড় আমগাছ রয়েছে। এর মধ্যে আম্রপালি, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, গোপালভোগ ও হিমসাগর জাতের গাছে এবার প্রচুর মুকুল এসেছে। তিনি ইতোমধ্যে স্প্রে কার্যক্রম শুরু করেছেন এবং চৈত্র মাসে পরিচর্যা আরও জোরদার করবেন বলে জানান।
এলাকার অন্যান্য চাষিরাও একইভাবে বাগানের যত্ন নিচ্ছেন। তাদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ভালো ফলন হবে। বৈশাখের শেষ থেকে জ্যৈষ্ঠের শুরুতেই বাজারে উঠতে পারে মৌসুমের নতুন আম।