বাংলাদেশে তৈরি ৩টি জাহাজ নেবে আরব আমিরাত

দেশের জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি ৩টি জাহাজ যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। এগুলো হলো- মায়া, এসএমএস এমি ও মুনা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রাম থেকে ইউএইর প্রতিষ্ঠান মারওয়ান অ্যান্ড ট্রেডিং কোম্পানি এলএলসির কাছে হস্তান্তর করা হবে এ তিনটি জাহাজ।
জাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জানিয়েছে, জাহাজ তিনটি ইউএই-ভিত্তিক ক্রেতার চাহিদা অনুযায়ী তৈরি। এগুলো অফশোর সাপ্লাই, মালবাহী পরিবহন এবং সমুদ্রবাণিজ্যের বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য। হস্তান্তরের পর জাহাজগুলো আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবে।
জাহাজ তিনটির দৈর্ঘ্য ৬৯ মিটার, প্রস্থ ১৬ মিটার এবং ড্রাফট ৩ মিটার। আন্তর্জাতিক ক্ল্যাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিটাসের মানদণ্ড অনুযায়ী নির্মিত এবং ১০ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। প্রায় ৭০০ বর্গমিটার ক্লিয়ার ডেক স্পেস থাকায় ভারী যন্ত্রপাতি ও বাল্ক কার্গো পরিবহনে উপযুক্ত।
এ বিষয়ে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি তৈরি জাহাজের চাহিদা বাড়ছে। তিনটি জাহাজ হস্তান্তর শুধু ব্যবসায়িক সাফল্য নয়, পুরো দেশের জাহাজ নির্মাণশিল্পের জন্য একটি ইতিবাচক বার্তা।
ভোরের আকাশ/মো.আ.