রাজশাহীতে মনোনয়ন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত১৫

রাজশাহীতে বিএনপি দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তানোর উপজেলার সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মাথায় কাফনের কাপড় বেধে মশাল নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা। তাদের ঠেকাতে থানার মোড় এলাকায় অবস্থান নেয় মনোনয়ন প্রাপ্ত নেতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল শরিফ উদ্দিনের সমর্থকরা।
এরপর সন্ধ্যায় মশাল মিছিলটি উপজেলা সড়ক ধরে থানার দিকে আসতে শুরু করলে সেই মিছিলটি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ মেজর শরীফের সমর্থকরা।
এরপর দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপে আহত হয় অন্তত ১৫ জন। আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। পরে পুলিশের একটি দল তাদের দু'পক্ষ কে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে জড়িয়ে পড়া নেতাকর্মীরা জানান, যোগ্য প্রার্থীকে মনোনয়নের দাবিতে দীর্ঘদিন ধরে তারা এ আন্দোলন করে আসছেন। কিন্তু আজ তাদের ওপর এরকমভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে।
এবিষয়ে একাধিকবার রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিনকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
ভোরের আকাশ/মো.আ.