সারিয়াকান্দিতে দেশীয় অস্ত্রসহ ‘চাকু স্বাধীন’ আটক

বগুড়ার সারিয়াকান্দিতে দেশীয় অস্ত্রসহ স্বাধীন মিয়া (২৪) ওরফে ‘চাকু স্বাধীন’ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো চাকু এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত একটি স্টিক উদ্ধার করা হয়েছে।
আটক স্বাধীন মিয়া সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জিয়ারুল আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে স্বাধীন মিয়া একটি চাইনিজ কুড়াল হাতে নিয়ে তার বাবাকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি দেখে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশের একটি দল পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বাধীন মিয়ার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে আটকের পর উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করা হয়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে দেশীয় অস্ত্রসহ স্বাধীনকে এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ধারালো চাকু ও একটি স্টিক উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও জানান, স্বাধীন মিয়ার বিরুদ্ধে এর আগেও সারিয়াকান্দি থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও রয়েছে। নতুন করে উদ্ধার করা অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ইউএম