পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে জেলা প্রশাসন, পিরোজপুর ও সামাজিক বন বিভাগ, বাগেরহাটের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। এ সময় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
আয়োজকরা জানান, ৭ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ভোরের আকাশ/ইউএম