কুড়িগ্রামে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে আব্দুল মোতালেব (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি জালচিরা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মোতালেব ওই এলাকার মৃত কেতু শেখের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির অদূরে অন্ধকার রাস্তায় হাঁটার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করানো হয়। অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপে কাটার পর ওই ব্যক্তিকে প্রথমে গ্রাম্য কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ভোরের আকাশ/র.ই