প্রধানমন্ত্রীর ত্রিশাল আগমন ঘিরে উৎসবের আমেজ, নতুন সম্ভাবনার প্রত্যাশা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল এবার জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমনকে ঘিরে পুরো উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতি।
জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসবের মূল অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ আয়োজনকে ঘিরে স্থানীয় জনগণ, সাংস্কৃতিক অঙ্গন ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও প্রত্যাশা।
মঙ্গলবার বিকেলে ত্রিশাল সরকারি নজরুল একাডেমির মাঠ ও অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সাংবাদিকদের বলেন,“প্রধানমন্ত্রীর এ সফর শুধু একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, এটি ত্রিশালের উন্নয়ন, সংস্কৃতি ও ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ত্রিশালবাসী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন ত্রিশালের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয়দের বিশ্বাস।
ত্রিশাল সরকারি নজরুল একাডেমি, দরিরামপুর ও কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন এলাকা ইতোমধ্যে সাজানো হয়েছে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায়। সাংস্কৃতিক সংগঠনগুলোও প্রস্তুত করছে বিশেষ পরিবেশনা।
আয়োজক সূত্র জানায়, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে মূলমঞ্চে এসে নজরুল জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও নজরুল বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চলছে সার্বক্ষণিক নজরদারি।
মাঠ পরিদর্শনের সময় ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।ত্রিশালের স্থানীয় বাসিন্দাদের মতে, জাতীয় পর্যায়ের এ আয়োজন ত্রিশালকে নতুনভাবে দেশব্যাপী পরিচিত করবে। একই সঙ্গে যোগাযোগ, সংস্কৃতি ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এখন পুরো ত্রিশাল যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফর শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে না; বরং ত্রিশালের উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে।
ভোরের আকাশ/ এনউব