বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: ছাত্রদলের বহিষ্কৃত নেতা খোকা ও ভাতিজা গ্রেপ্তার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক মোকারম হোসেন খোকা ও তাঁর ভাতিজা মো. রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) ভোরে পৃথক অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে মোকারম হোসেন খোকা এবং নেত্রকোনা থেকে তাঁর ভাতিজা রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোকারম হোসেন খোকা মিঠামইন উপজেলার ভাটিঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের আব্দুল হাসিম মিয়ার ছেলে। তাঁর ভাতিজা মো. রিয়াদ হোসেন একই গ্রামের রান্নু মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে মোকারম হোসেন খোকা আত্মগোপনে ছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনে প্রবেশের সময় হামলার শিকার হন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। অভিযোগ রয়েছে, আগে থেকেই ওত পেতে থাকা একদল সশস্ত্র ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, কিরিচ, কুড়াল ও রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়।
হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মো. হেলাল (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মোকারম হোসেন খোকার নাম উল্লেখ করেন। এরপর থেকেই মোকারম আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
এ ঘটনায় হত্যাকাণ্ডের রাতেই হেলালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন অন্যদের মধ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. শাহিন আলমকে (২৭) গ্রেপ্তার করা হয়।
জাহিদুল আলম জাহাঙ্গীরের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় হত্যা মামলাটি করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর থেকেই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় সর্বশেষ মোকারম হোসেন খোকা ও তাঁর ভাতিজা রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হলো।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বলেন, “বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় পুলিশ অভিযান চালিয়ে মোকারম হোসেন খোকা ও তাঁর ভাতিজা মো. রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাঁদের কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ এনউব