অবৈধ অনুপ্রবেশ: মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে হালুয়াঘাট থানা পুলিশ।
শনিবার (১৬ মে) ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সীমান্তের মেইন পিলার ১১২০ সংলগ্ন এলাকায় ২২ বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্প এবং বিজিবির তেলিখালী বিওপির প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন।
বিজিবি সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৪ মে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার এসব ব্যক্তি বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেন। পরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা আটক হন।
ঘটনার পর বিষয়টি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজরে এলে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়। পরবর্তীতে দ্বিপক্ষীয় সমন্বয়ের মাধ্যমে পতাকা বৈঠকের আয়োজন করা হয় এবং সেখানেই আটক বাংলাদেশিদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃতরা হলেন— মো. মুক্তার হোসেন (৪৫), মো. শাহজামাল হক (৩১), মো. আনিছুর রহমান (৩৩), মো. কামাল হোসেন (২০), শ্রী সিপেন (৪০), মো. ইব্রাহিম আলী (৪৬), মো. নওশাদ আলী (২২), মো. আকবর আলী (৩১), মো. জহিরুল ইসলাম (৪৬) ও মো. শাকিম উদ্দিন (৩৮)। তারা সবাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এজাহারে উল্লেখ করা হয়, বৈধ ভ্রমণ নথি ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করায় তারা বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১)(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে নিয়মিত মামলা দায়েরের জন্য তাদের হালুয়াঘাট থানায় সোপর্দ করা হয়।
মামলাটি দায়ের করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ই-কোম্পানির তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন,“আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।”
সীমান্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রমের ঘটনা নিয়ে নজরদারি আরও জোরদার করেছে বিজিবি ও বিএসএফ। একই সঙ্গে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় টহল এবং গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
ভোরের আকাশ/ এনউব