চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার লোকো কলোনিতে যৌথবাহিনীর অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে কোস্টগার্ড, জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, লোকো কলোনি এলাকায় আব্দুর রহিমের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘর থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানের মাধ্যমে মাদকের ব্যবহার কমিয়ে যুবসমাজকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
ভোরের আকাশ/ এনউব