কক্সবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ টেকনাফের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়।
এসময় টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে কক্সবাজার শহরের দিকে আসা একটি সাদা রঙের প্রভোক্স প্রাইভেটকার পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে গাড়িটি আটক করা হয়।
অফিসার ইনচার্জ কক্সবাজার সদর থানার নেতৃত্বে পরিচালিত তল্লাশিতে গাড়ি থেকে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত গাড়িসহ রেজাউল করিম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল করিম টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এঘটনায় কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও প্রভোক্স প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ