প্রতিষ্ঠাবার্ষিকীতে কুড়িগ্রাম বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের কলেজ মোড় এলাকায় স্বাধীনতার বিজয় স্তম্ভ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে নানা প্রজাতির ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। স্টেডিয়াম, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ও কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরসহ বিভিন্ন এলাকায় এসব চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব ও জেলা পরিষদ চেয়ারম্যান সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়িত্ব পালনও জরুরি। মানুষের জীবন ও পরিবেশের জন্য বৃক্ষ অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই।
আয়োজকরা আশা করেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়বে।
ভোরের আকাশ/সু.পা