নিয়ামতপুরে সার জব্দের পর কৃষকদের কাছে বিক্রি

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুত করা প্রায় ৫ হাজার বস্তা সার জব্দের পর তা ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার খড়িবাড়ি বাজারে জব্দ করা এসব সার বিক্রি শুরু হয়। এ ঘটনায় চারটি গুদাম সিলগালা করা হয়েছে এবং এর আগে পৃথক অভিযানে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত দুটি গুদামের সব সার কৃষকদের কাছে বিক্রি সম্পন্ন হয়েছে। বাকি সার বিক্রিও চলমান ছিল। এর আগে বুধবার (১৮ নভেম্বর) উপজেলার খড়িবাড়ি বাজারে অভিযান চালিয়ে পৃথক চারটি গুদাম থেকে এসব সার জব্দ করে উপজেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, মেসার্স আলামিন ট্রেডার্সের মালিক আবুল কালাম আজাদের গুদাম থেকে ২১৪ বস্তা, মেসার্স সিমা এন্টারপ্রাইজের মালিক নূরে আলম সিদ্দিক হোসেনের গুদাম থেকে ১ হাজার ২০০ বস্তা, মেসার্স বুলবুল ট্রেডার্সের মালিক বুলবুল আহম্মেদের গুদাম থেকে ১ হাজার ২০০ বস্তা এবং মেসার্স শহিদুল ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামের গুদাম থেকে ২ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়। পরে সারভর্তি চারটি গুদাম সিলগালা করে দেওয়া হয়।
এর আগে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২১৪ বস্তা সার উদ্ধার করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আঘোর গ্রামের আবু সালামের ছেলে আবুল কালাম আজাদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি বাজারের তিনটি পয়েন্টে চারটি গুদাম থেকে এসব সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩ হাজার বস্তা জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা হবে। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বাকি সারও সুষ্ঠুভাবে বিক্রি করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, কৃষকদের জন্য বরাদ্দ সার বাজারে কৃত্রিম সংকট ও অস্থিরতা তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। বৃহস্পতিবার সেগুলো কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে। ইতিমধ্যে দুটি গুদামের সব সার বিক্রি শেষ হয়েছে। বাকি সার বিক্রিও চলমান রয়েছে। আশা করছি, দিনের মধ্যেই সব সার বিক্রি সম্পন্ন হবে।
ভোরের আকাশ/সু.পা