গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন, দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মন্ডলের মেয়ে আফরিন আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে মিম ও তার ফুফাতো বোন আফরিন বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জহুরুল হক।
ভোরের আকাশ/সু.পা