ফরিদপুরে প্রত্যাগত অভিবাসীদের কৃষি প্রশিক্ষণের সনদ বিতরণ

ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন Recovery & Advancement of Informal Sector Employment (RAISE): Reintegration of Returning Migrants প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ সেন্টার, ফরিদপুরের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী। এ সময় অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ফরিদপুর সদরে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে মোট ৫০ জন প্রত্যাগত অভিবাসী কর্মী অংশ নেন। এর মধ্যে ৩০ জন পুরুষ ও ২০ জন নারী। প্রশিক্ষণে গরু, ছাগল ও মুরগি পালনের আধুনিক পদ্ধতি, কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যাগত অভিবাসী কর্মীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিভিত্তিক আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/সু.পা