ঝুঁকি নিয়ে অস্ত্র উদ্ধার
সালথার ওসি বাবলুরসহ পুরো টিমকে পুরস্কৃত করছে জেলা পুলিশ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও পাবলিকের অস্ত্র নিরাপদে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফরিদপুরের সালথা থানা পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সাহসিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন পুলিশ সদস্যরা। তাদের এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি বাবলুর রহমান খানসহ পুরো পুলিশ টিমকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় থানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে থানার অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও পাবলিকের অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এমন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেন সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান। তার নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। পরে অস্ত্রাগারে থাকা অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসেন তারা।
সংশ্লিষ্টদের মতে, অগ্নিসংযোগের পর এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাৎক্ষণিক সিদ্ধান্ত, সাহসিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সালথা থানা পুলিশের সদস্যরা সম্ভাব্য বড় ধরনের নিরাপত্তাঝুঁকি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ ঘটনায় সালথা থানার ওসি বাবলুর রহমান খান ও তার দলের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
তিনি পুরো টিমকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তাদের সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছেন।
পুলিশ সুপার আশা প্রকাশ করেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখতে ওসি বাবলুর রহমান খান ও তার নেতৃত্বাধীন পুলিশ টিম ভবিষ্যতেও একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
এদিকে, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ও তার নেতৃত্বাধীন পুলিশ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, তাদের সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এমন স্বীকৃতি শুধু সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নয়, বরং পুরো ব্যাচের জন্যই গর্বের বিষয়।
ভোরের আকাশ/ইউএম