১৭ বছর পর পলাশ হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ডিসি রোড এলাকায় সংঘটিত আলোচিত পলাশ হত্যা মামলার দীর্ঘ ১৭ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। এ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৯ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাহমুদুল হাসান ওরফে সোহেল এবং আইয়ুব আলী ওরফে বাবুল।
আদালত সূত্রে জানা যায়, মামলার বিচার চলাকালে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের দোষী সাব্যস্ত করেন।
রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না, তারা পলাতক রয়েছেন।
আদালত তাদের গ্রেপ্তারের জন্য সাজা পরোয়ানার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, পূর্ব বিরোধের জেরে ২০০৯ সালের ২৭ আগস্ট বাকলিয়ার ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় মো. পলাশকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. সম্রাট পরদিন বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০১২ সালের ১২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। প্রথমে মামলাটি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে চললেও পরে তা চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা আদালতে স্থানান্তর করা হয়।
ভোরের আকাশ/জেআ