এমপি আয়নুল হকের উপর হামলার ঘটনায় ১৫ জনের নামে মামলা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হকের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেন।
রোববার (১৬ আগস্ট) দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। তবে গ্রেপ্তারের স্বার্থে মামলার আসামীদের নাম প্রকাশ করেননি তিনি।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন, সম্প্রতি সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণে প্রকল্প অনুমোদন হয়েছে। টিটিসি নির্মাণের জন্য কয়েকটি স্থান নিয়ে আলোচনা চলছে। একটি প্রতিষ্ঠান, অথচ বেশ কয়েকটি এলাকা থেকে জোড় দাবী রয়েছে তাদের এলাকায় এটি স্থাপনের জন্য।
এ অবস্থায় টিটিসি স্থাপনের স্থান নির্ধারণ বিষয়ে আলোচনার জন্য রায়গঞ্জ পৌর বিএনপি একটি সভার আয়োজন করে। গতকাল শনিবার বিকালে ধানগড়া বাজারে পৌর বিএনপির সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য আয়নুল হক।
শামসুল ইসলামের অভিযোগ, সভায় স্থানীয় বিএনপির পাশাপাশি জামায়াত, শিবির নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরা উপস্থিত ছিলেন। জামায়াত, শিবির নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরা সভার শুরুতেই ধানগড়ায় টিটিসি নির্মাণের দাবিতে শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ অবস্থায় সংসদ সদস্য টিটিসির স্থান নির্বাচনে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বক্তব্য শেষ করে চলে যাওয়ার মুহুর্তে আচমকা তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
তবে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ ধরনের নোংরা রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
ভোরের আকাশ/সু.পা