আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীকে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের আগে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন স্থান থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা। এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ ও স্বজনেরাও উপস্থিত থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ১৩ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা এই বীর সন্তানের প্রতি জাতির সম্মান ও শ্রদ্ধা জানানো হয়।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
ভোরের আকাশ/আ.র