সিরাজদিখানে ডহরী খালে গোসল করতে নেমে নারী নিখোঁজ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডহরি খালে গোসল করতে নেমে হাবিবার রহমান বাবলী (৪৮) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের গুদারা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে সিরাজদদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে ডুবুরি অভিযান শুরু করে।
মালখানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাইয়ুম খান স্বপন জানান,নিখোঁজ বাবলীসহ তিন বান্ধবী ঢাকার বাসিন্দা। তারা সিরাজদিখানে ফেগুনাসা এলাকায় তপন ভূঁইয়ার বাড়িতে বেড়াতে এসে ডহরি খালের গুদারা ঘাট এলাকায় গোসল করতে নামেন। এ সময় দুজন সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও বাবলী নিখোঁজ হন।
ফায়ার সার্ভিস জানায়, খালে তীব্র স্রোতের কারণে নদীতে উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ এনউব