সিংগাইরে পরিবেশ দূষণের দায়ে গ্রীন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন এবং পরিবেশ দূষণের অভিযোগে গ্রীন এনার্জি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফোর্ডনগর এলাকায় গ্রীন এনার্জি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় পরিবেশগত ব্যবস্থা গ্রহণ ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করছিল। এতে এলাকায় পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছিল। অভিযানে বিষয়টি ধরা পড়লে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় প্রণীত বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বলেন, পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানটিকে আগামী পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা