পিরোজপুরে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন শেখ রিয়াজ উদ্দিন রানা

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রায় ৮০০ থেকে ১ হাজার গাছের চারা তুলে দেওয়া হয়।
স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর উদ্যোগ নেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।
সকালে ৯১ নম্বর মধ্য পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মমতাজ, সম্মিলিত সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলা সভাপতি ও সাবেক ছাত্রনেতা শরীফ মুহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এবং জাসাস জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ।
শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে প্রয়োজনীয় পরিমাণ বনভূমি নেই। বিভিন্ন সময়ে বন উজাড়ের কারণে এ সংকট আরও বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছেন।
তিনি বলেন, সরকারের এ কর্মসূচির ধারাবাহিকতায় পিরোজপুর বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা যেন চারাগুলো যত্নসহকারে নিজেদের আঙিনায় রোপণ করে, গাছ বড় করে এবং ভবিষ্যতে এর ফল ভোগ করতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১৩ জুন কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।